২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দের তালিকায় রেখে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ১৩ সেপ্টেম্বর (রোববার) রাত ৮টায় তা শেষ হয়।

বোর্ড জানিয়েছে, প্রথম পর্যায়ের ফলাফলের পর নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।

এর আগে ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ভর্তির নীতিমালা প্রকাশ করে। সাধারণ শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ১০ সেপ্টেম্বর রাত ৮টা থাকলেও পরবর্তীতে তা বাড়ানো হয়, যাতে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; শুধুমাত্র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। মোট আসনের ৭ শতাংশ কোটার জন্য সংরক্ষিত এবং বাকি ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত রাখা হয়েছে।

পরবর্তী কার্যক্রম হিসেবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/-এ প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করে তাদের রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে ফলাফল দেখতে পারবেন। সেখানে তারা কোন কলেজে নির্বাচিত হয়েছেন তা জানতে পারবেন।