একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল ঘোষণা করা হয়। ফলাফলে প্রথম ধাপে কলেজ সিলেকশন পেয়েছে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার ৪১৫ জন ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হতে পারেননি।

উল্লেখ্য, সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েও ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হতে পারেননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকার সূত্র জানিয়েছে, একাদশে ভর্তির জন্য অনলাইনে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তারা সর্বমোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি কলেজে চয়েস দিয়েছিলেন।

ফলাফল দেখার নিয়ম:
একাদশ শ্রেণির ভর্তির ফলাফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।