দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত হিসেবে চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই কথা জানান।

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে আয়োজিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন যে, দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কুটিরশিল্পের কোনো বিকল্প নেই।

বাংলাদেশে চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, "বিশেষ করে আমাদের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বজুড়ে সমাদৃত। এই সম্পদকে সঠিক ব্যবহারে উন্নত মানের জুতা ও নানা প্রকার চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব।"

তিনি আরও জানান, প্রতিবছর কোরবানির ঈদে সংগৃহীত চামড়া প্রক্রিয়াজাত করতে হিমশিম খেতে হয়। তবে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ জুতার কারখানা গড়ে তুলতে পারলে শতভাগ জুতা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি ট্যানারির রাসায়নিক বর্জ্য যাতে নদী ও পরিবেশে না মেশে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। বর্জ্য থেকে রাসায়নিক পৃথক করে পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।