বাংলাদেশের সাধারণ মানুষ জুলাই সনদে কী হলো বা কী হলো না, এই বিষয়ে চিন্তিত নয়। তাদের মূল প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা। কিন্তু কিছু পক্ষ এই মৌলিক চাহিদা উপেক্ষা করে কেবল নিজের সংকীর্ণ স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে।
সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জুলাই সনদ ইস্যুতে এসব মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার অধিকাংশ রূপরেখাই বিএনপি নেতা তারেক রহমান অনেক আগেই তার ৩১ দফার মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছিলেন। বর্তমানে বিভিন্ন পক্ষ থেকে গণভোটের যে দাবি তোলা হচ্ছে, গ্রামীণ অঞ্চলের প্রান্তিক মানুষ এর মূল অর্থ বা উপযোগিতা সঠিকভাবে বুঝতে পারছেন না।
তাইফুল ইসলাম টিপু আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট দীর্ঘমেয়াদি সংস্কারের স্বপ্ন দেখে রাস্তায় নামেনি। বরং বিগত ১৭ বছরের দুঃশাসন ও নির্যাতন থেকে মুক্তি এবং শেখ হাসিনার পতনের একমাত্র লক্ষ্যে একতাবদ্ধ হয়েছিল।
বিএনপির এই সাবেক নেতা উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের একাংশ এখন কেবল কোটার সংস্কার নিয়ে সুবিধা আদায় করছে এবং সংসদে নিজেদের আত্মীয়স্বজনদের নারী কোটা বা বিভিন্ন সুযোগ-সুবিধায় বসানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।