ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন সৌখিনারা আক্তার (৪০), যিনি ময়মনসিংহ সদরের ডি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌখিনারা সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন। রিকশাটি দাপুনিয়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সড়কের একটি গর্তে রিকশার চাকা আটকে যায়। এতে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সৌখিনারা আক্তারের স্বামীর নাম মো. জয়নাল আবেদীন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"