ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। কাজে যাওয়া মাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই চালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

নিহত শিশুদের পরিচয় পাওয়া গেছে—আরবিয়া আক্তার (৮) এবং রাবিয়া আক্তার (৬)। তারা পশ্চিম তালদিঘী এলাকার মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির সন্তান। নিহত আরবিয়া তালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে এবং রাবিয়া একই বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার পেশায় একজন গৃহকর্মী। আজ সকালে তিনি যখন কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন, তখন তাঁর দুই মেয়েও পেছন পেছন তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। সেখানে পৌঁছে মা তাদের বাড়ি ফিরে যেতে বলেন। মায়ের নির্দেশ মেনে তারা যখন মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিল, ঠিক তখনই শেরপুরগামী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়।

স্থানীয় মেসার্স ফকির হ্যাচারি অ্যান্ড ফিশারির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, আজ সকাল ৬টা ২৯ মিনিটে দুই শিশু রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল। সেই মুহূর্তে নীল ও হলুদ রঙের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।

দুই শিশুর মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ বর্তমানে কাভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রাশিদ মুক্তকণ্ঠকে বলেন, “দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”