বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ ডিপ্লোমা–ইন–টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের শিক্ষার্থীদের পুনর্ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার বোর্ড থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে সরকারি ও বেসরকারি সকল টেক্সটাইল প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবিধান ২০১০ ও ২০২২ অনুযায়ী, পুনর্ভর্তির আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানগুলো আবেদন যাচাই-বাছাই করে ১৪ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বোর্ডের নির্ধারিত অনলাইন লিংকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে পারবে। এরপর ১ থেকে ১২ নভেম্বরের মধ্যে বোর্ডের অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনের শর্তাবলি অনুযায়ী, রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র ও ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। প্রতিটি শিক্ষার্থীর জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই ফি ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’-এর অনুকূলে একটি ব্যাংক ড্রাফট হিসেবে প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিতে হবে। মূল প্রবিধান অনুযায়ী যদি কোনো শিক্ষার্থী পুনর্ভর্তির যোগ্য না হন, তবে অনলাইনে ডেটা পাঠানো হলেও তা বাতিল বলে গণ্য হবে।