ওভেনে খাবার রান্না করার সময় কাচের দরজার চারপাশে সারি সারি ছোট কালো দাগ দেখা যায়। অনেকের মনে হয়, এগুলো জমে থাকা ময়লা বা দূষণ। কিন্তু আসলে তা নয়। ওভেনের দরজার কাচে থাকা এই কালো বিন্দুগুলো ইচ্ছাকৃতভাবে তৈরি করা 'সেরামিক ফ্রিট' বা 'ফ্রিট প্যাটার্ন'। এটি কোনো সাধারণ রং বা স্টিকার নয়, বরং কাচের গুঁড়া, কালো রঞ্জক এবং অন্যান্য উপাদানের মিশ্রণ দিয়ে তৈরি একটি স্থায়ী আবরণ। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এই মিশ্রণটি কাচের ওপর ছাপানোর পর তাপ প্রয়োগ করে কাচের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করা হয়। ফলে বাইরে থেকে দাগগুলো স্পষ্ট হলেও, সাধারণত এগুলো স্পর্শ করে ওঠানো যায় না।
এই নকশার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রকৌশলগত কারণ। ওভেনের দরজাকে একই সময়ে ভেতরের তীব্র তাপ এবং বাইরের ঠান্ডা পরিবেশ সামলাতে হয়। কাচের এক পাশে উচ্চ তাপমাত্রা এবং অন্য পাশে নিম্ন তাপমাত্রা থাকার ফলে তাপজনিত চাপ সৃষ্টি হতে পারে। বারবার এমন অবস্থার মুখে পড়লে কাচ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। সেরামিক ফ্রিট এই তাপমাত্রার পার্থক্যকে ধীরে ধীরে পরিবর্তিত হতে সাহায্য করে, যাতে হঠাৎ তাপীয় শকের কারণে কাচ ভাঙে না। এর ফলে দরজার স্থায়িত্ব বাড়ে এবং নিরাপত্তা নিশ্চিত হয়।
দাগগুলোর বিন্যাসও এলোমেলো নয়। কাচের কিনারায় এই কালো অংশ বেশি ঘন থাকে, আর মাঝের দিকে যেতে যেতে এগুলো ছোট ও দূরে দূরে হয়ে যায়। কাচ যেখানে ধাতব ফ্রেমের সঙ্গে যুক্ত, সেখানে তাপের পার্থক্য সামলানো সবচেয়ে জরুরি। তাই কিনারায় ফ্রিটের ঘনত্ব বেশি রাখা হয়। ধীরে ধীরে ছোট বিন্দুর মাধ্যমে এই কালো অংশটি স্বচ্ছ কাচের সঙ্গে মিশে যায়, যা হঠাৎ তাপমাত্রার পার্থক্য তৈরির ঝুঁকি কমায়।
পুরো কাচ কালো করে দেওয়া হয় না কেন? কালো রং তাপ ও বিকিরণ শোষণ করতে পারে, কিন্তু পুরো দরজা কালো হলে ভেতরের খাবার দেখা যাবে না। ওভেনের কাচের প্রধান সুবিধাই হলো রান্না না থামিয়ে খাবার পর্যবেক্ষণ করা। তাই নির্মাতারা পুরো কাচ ঢেকে না দিয়ে, কিনারায় ঘন কালো অংশ, মাঝখানে ছোট বিন্দু এবং শেষে স্বচ্ছ অংশ—এই ভারসাম্যপূর্ণ নকশা ব্যবহার করেন। এতে তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি দৃশ্যমানতাও বজায় থাকে।
সেরামিক ফ্রিট শুধু তাপ নিয়ন্ত্রণেই নয়, ওভেনের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে। দরজার কাচ দিয়ে অতিরিক্ত তাপ বেরিয়ে যাওয়া নিয়ন্ত্রণ করলে ওভেনের ভেতরের তাপমাত্রা ধরে রাখতে সুবিধা হয়। ফলে যন্ত্রটি নির্ধারিত তাপমাত্রায় খাবার রান্না করতে আরও কার্যকরভাবে কাজ করে। গৃহস্থালি যন্ত্রপাতি বিশেষজ্ঞরাও ফ্রিটের সঙ্গে ওভেনের তাপ ধরে রাখার কার্যকারিতার সম্পর্কের কথা উল্লেখ করেন। তবে শুধু এই কালো বিন্দুর কারণেই কোনো ওভেন কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে, তা নির্ধারণ করা যায় না; ইনসুলেশন, কাচের স্তর এবং প্রযুক্তিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়া, এই কালো সেরামিক বর্ডার ওভেনের দরজার ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ, যেমন সিল, আঠা, স্ক্রু এবং ব্র্যাকেট, বাইরে থেকে দেখা থেকে আড়াল করে। ফলে ওভেনের দরজাটি দেখতে পরিষ্কার ও গোছানো লাগে। সেরামিক ফ্রিট প্রযুক্তি শুধু ওভেনেই সীমাবদ্ধ নয়; গাড়ির উইন্ডশিল্ডের চারপাশেও একই ধরনের কালো নকশা দেখা যায়।
এই দাগগুলো সাধারণ ময়লা নয়, তাই ঘষে তুলে ফেলার চেষ্টা করা উচিত নয়। শক্ত স্ক্রাবার বা ধাতব স্ক্র্যাপার ব্যবহার করলে কাচে আঁচড় পড়তে পারে, যা পরবর্তী সময়ে তাপের কারণে সমস্যা বাড়িয়ে দিতে পারে। ওভেনের কাচ পরিষ্কার করার সময় নরম বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা ভালো। সময়ের সাথে সাথে আবরণে সামান্য ক্ষয় দেখা দিতে পারে, যা সবসময় বড় সমস্যা বোঝায় না। তবে কাচে চিড়, গভীর আঁচড় বা বড় ধরনের ক্ষতি দেখা দিলে অবহেলা করা উচিত নয়। প্রস্তুতকারকের নির্দেশনা অনুসরণ করে অনুমোদিত সার্ভিস সেন্টারের সহায়তা নেওয়া নিরাপদ।
আধুনিক অনেক ওভেনে এই ফ্রিট প্যাটার্ন থাকলেও সব ওভেনের দরজায় একই নকশা থাকা বাধ্যতামূলক নয়। কিছু মডেলে একাধিক কাচের স্তর বা বিশেষ ইনসুলেশন প্রযুক্তি ব্যবহার করে তাপ নিয়ন্ত্রণ করা হয়, আবার পুরোনো মডেলে এই দৃশ্যমান বিন্দু নাও থাকতে পারে। তাই নিজের ওভেনের দরজায় কালো বিন্দু না থাকলেই সেটি নষ্ট বা ত্রুটিপূর্ণ, এমনটা ভাবার কারণ নেই।
সূত্র: রিডার্স ডাইজেস্ট