যুক্তরাষ্ট্রে উন্মোচনের মাত্র দুই সপ্তাহের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে মেটার এআই এজেন্ট ‘মিউজ’। ব্যবহারকারীর পক্ষে ই-মেইল পাঠানো, ভ্রমণের টিকিট বুক করা এবং অনলাইনে পণ্য কেনাসহ বিভিন্ন ডিজিটাল কাজ সম্পন্ন করতে সক্ষম এই এজেন্টটি ৮ সেপ্টেম্বর চালুর পর দ্রুত যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের শীর্ষে স্থান করে নিয়েছে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহে অ্যাপটি ২৫ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকির কারণে অনলাইন রিটেইলার অ্যামাজন মিউজের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে।

অ্যামাজনের তথ্যমতে, মিউজ অনুমতি ছাড়াই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছে, যা গ্রাহকের তথ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপত্তা গবেষকরা মিউজের ম্যাকওএস অ্যাপে একটি ত্রুটি শনাক্ত করেছেন। তাঁদের দাবি, ওই ত্রুটি কাজে লাগিয়ে ক্ষতিকর সফটওয়্যার মিউজের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারে।

মেটার তথ্যমতে, মিউজ মূলত এমন একটি এআই এজেন্ট, যা ব্যবহারকারীর নির্দেশ পাওয়ার পর নিজে থেকে একাধিক ধাপে কাজ সম্পন্ন করতে পারে। মিউজ স্পার্ক মডেল দিয়ে তৈরি এই এআই এজেন্টকে সাধারণ চ্যাটবটের চেয়ে ভিন্নভাবে ব্যবহার করা যায়। কোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটি ব্যবহারকারীর হয়ে অনলাইনে বিভিন্ন ফরম পূরণ, ই-মেইলের ইনবক্স গোছানো, রান্নার রেসিপি থেকে বাজারের তালিকা তৈরি, অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো বা অনলাইনে পণ্য কেনার মতো কাজ করতে পারে।

মিউজ এআই এজেন্টের ব্যবহার নিষিদ্ধ করায় অ্যামাজনের ওয়েবসাইটে মিউজ দিয়ে পণ্য কেনার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। সেখানে বলা হচ্ছে, মিউজ একটি ‘অননুমোদিত এআই এজেন্ট’ এবং এর মাধ্যমে অ্যামাজনে প্রবেশ প্রতিষ্ঠানটির ব্যবহারের শর্ত লঙ্ঘন করছে। অ্যামাজনের দাবি, মিউজ তাদের ওয়েবসাইটে প্রবেশের আগে কোনো অনুমতি নেয়নি। এমনকি মেটাও মিউজের বিষয়ে অ্যামাজনকে আগে জানায়নি। মিউজ গ্রাহকের লগইন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে এবং অ্যাকাউন্টের তথ্য পরিবর্তন করতে পারে। এসব কারণে গ্রাহকের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অ্যামাজনে এআই এজেন্টটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস