কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত সহকারী 'মিউজ'-এ সরাসরি কণ্ঠস্বরের মাধ্যমে কথোপকথনের নতুন ফিচার যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীদের আর বার্তা টাইপ করার প্রয়োজন হবে না; তারা সরাসরি কথা বলে মিউজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু কথা বলাই নয়, কথোপকথনের সময় মিউজের অ্যানিমেটেড অ্যাভাটার ব্যবহারকারীর কথার সাথে সামঞ্জস্য রেখে নিজের মুখের অভিব্যক্তি পরিবর্তন করবে এবং ঠোঁট নাড়াবে। এছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সহকারীর কণ্ঠস্বর পরিবর্তনের জন্য শত শত বিকল্প রাখা হয়েছে।
'মিউজ ভয়েস' নামের এই নতুন সুবিধাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। মেটার মোবাইল অ্যাপ্লিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং ম্যাক কম্পিউটারে এই ফিচারটি ব্যবহার করা সম্ভব হবে। গত বৃহস্পতিবার একটি ব্লগ পোস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াং এই ঘোষণা প্রদান করেন।
মিউজের সঙ্গে কথা শুরু করতে হলে কথোপকথনের স্ক্রিনের ওপরের ডানদিকে অবস্থিত ফোন আইকনে ট্যাপ করতে হবে। এরপর ব্যবহারকারী সরাসরি কথা বললেই মিউজ কণ্ঠস্বরের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে। কথোপকথনের একটি বিশেষ দিক হলো, মিউজ কথা বলার সময় ব্যবহারকারীরা চাইলে মাঝপথে তাকে থামিয়ে নতুন প্রশ্ন করতে পারবেন। মেটার দাবি, এর ফলে কথোপকথন আরও স্বাভাবিক হয়ে উঠবে, কারণ ব্যবহারকারীদের প্রতিবার এআই-এর কথা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
এই নতুন সুবিধাটি মেটার 'মিউজ রিয়েলটাইম ভয়েস' এবং 'মিউজ রিয়েলটাইম অ্যাভাটার' প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত হচ্ছে। কথোপকথনের সময় মিউজের অ্যাভাটারের ঠোঁটের নড়াচড়া এবং মুখের অভিব্যক্তি তার বক্তব্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হবে। এমনকি ব্যবহারকারী যখন কথা বলবেন, তখনও অ্যাভাটারটি মুখভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে। ফলে এআই সহকারীর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা অনেকটা বাস্তব ভিডিও কলের মতো মনে হবে।
মিউজ ভয়েসে কণ্ঠস্বর নির্বাচনের ক্ষেত্রে শত শত বিকল্প রেখেছে মেটা। অ্যাপে থাকা বিভিন্ন ধরনের কণ্ঠস্বরের মধ্য থেকে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো একটি বেছে নিতে পারবেন, যা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
কথোপকথনের সময় পর্দায় অ্যাভাটারটি কীভাবে প্রদর্শিত হবে, তা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও দেওয়া হয়েছে ব্যবহারকারীদের। চাইলে অ্যাভাটার ছাড়াই শুধুমাত্র কণ্ঠস্বরের মাধ্যমে কথা বলা যাবে। আবার চ্যাটের পাশাপাশি ছোট আকারে অ্যাভাটার দেখানোর সুযোগ রয়েছে। আর যাঁরা আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা চান, তাঁরা পুরো পর্দায় অ্যাভাটার দেখার সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
মেটা জানিয়েছে, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং ম্যাক প্ল্যাটফর্মে পর্যায়ক্রমে মিউজ ভয়েস চালু করা হচ্ছে। তবে বর্তমানে এই সুবিধাটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাচ্ছেন। অন্যান্য দেশে এই ফিচারটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি।