সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে জিমেইল দুই-স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তন করেছে। এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ই-মেইলে আসা ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার নতুন সুবিধাটি চালু করছে গুগল। ‘কপি কোড’ নামের এই বৈশিষ্ট্যটি কার্যকর হলে, ই-মেইল খোলার প্রয়োজন ছাড়াই জিমেইলের ইনবক্স থেকে সরাসরি যাচাই কোডগুলো কপি করা সম্ভব হবে। এ সুবিধাটি জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জিমেইলের অ্যান্ড্রয়েড ২০২৬.০৯.০৭.এক্স এবং আইওএস ৬.০.২৬০৯০৭ সংস্করণে ইতিমধ্যেই এই নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটি সক্রিয় থাকলে, ইনবক্সে ভেরিফিকেশন কোড-সংবলিত কোনো ই-মেইল আসার সময় প্রিভিউ অপশনের পাশে ‘কপি কোড’ নামের একটি নতুন বাটন দেখা যাবে। ওই বাটনে ট্যাপ করলেই কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে এবং নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে তা সরাসরি পেস্ট করা সম্ভব হবে। এর ফলে অন্যদের পাঠানো যাচাই কোড দেখার জন্য প্রতিবার ই-মেইল খুলতে হবে না।
বর্তমানে ই-মেইলে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসলে ব্যবহারকারীদের ই-মেইল খুলে বার্তা পড়তে হয়। এরপর কোডটি কপি করে নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে পেস্ট করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে সাইন-ইন করার প্রক্রিয়া আরও সহজ হবে।
অ্যান্ড্রয়েডে গুগল মেসেজে আগে থেকেই একই ধরনের সুবিধা রয়েছে। এসএমএসে যাচাই কোড এলে নোটিফিকেশন থেকেই সেটি কপি করা যায়। এবার ই-মেইলে আসা ভেরিফিকেশন কোডের ক্ষেত্রেও জিমেইল একই ধরনের দ্রুত কপি করার সুবিধা পাওয়া যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০