পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তার সহযোগী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলায় বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে তারা মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনির শেখ (৪২) পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফলনী গ্রামের মো. আব্দুল জলিল শেখের ছেলে। ঘটনার পরপরই তার সহযোগী মো. কুদ্দুস (৭০)-কে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় মনির শেখের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি মো. শাহ আলম জানান, মনির শেখ ও কুদ্দুস রাজাবাড়ি গ্রামের তারা মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করছিলেন। সকালে ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য মনির প্রথমে ট্যাংকে নামেন। এরপর কুদ্দুসও সেখানে যান। এ সময় অন্য শ্রমিকরা পাশের একটি ভবনে কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন, ট্যাংকের ভেতরে দুজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে কয়েকজন মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক মনির শেখকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, "সেপটিক ট্যাংকের ভেতরে অক্সিজেন না থাকায় শ্বাসরুদ্ধ হয়ে একজন মারা গেছেন। অন্যজন হাসপাতালে ভর্তি রয়েছেন। মনির শেখকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।"

নিহতের বাবা মো. আব্দুল জলিল শেখ বলেন, "সকালে ছেলে মনির শেখ রাজাবাড়ির তারা মিয়ার ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন। সেখানে শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলে ও তার সহযোগী অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে ছেলের মৃত্যু হয়।"

অপরদিকে, স্থানীয় বাসিন্দা মোসা. রুমি আক্তার বলেন, "আমার এক প্রতিবেশী যখন ভবন নির্মাণ করেছিলেন তখনও সেপটিক ট্যাংকের মধ্যে কাজ করতে গিয়ে পরপর দুজন শ্রমিক মারা যায়।"

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান মুক্তকণ্ঠকে জানান, "সেপটিক ট্যাংকের ভেতরে নেমে মনির শেখ অচেতন হয়ে মারা গেছেন বলে শুনেছি। তার সঙ্গে থাকা অপর ব্যক্তিও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মনির শেখের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।"