পিরোজপুর জেলা যুগ যুগ ধরে পেয়ারা উৎপাদনের জন্য সুপরিচিত হলেও বর্তমানে এখানে উৎপাদিত আমড়ার জনপ্রিয়তা দেশজুড়ে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ‘বরিশালের আমড়া’ জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এই জেলার আমড়ার চাহিদা বহুগুণ বেড়ে গেছে, যার ফলে ইতোমধ্যে আমড়ার পাইকারি বেচাকেনাও পুরোদমে শুরু হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, পিরোজপুরে প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আমড়া বিক্রি হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর পিরোজপুরের ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছিল। চলতি বছর আবাদের পরিধি আরও বেড়ে প্রায় ৭০০ হেক্টরে দাঁড়িয়েছে এবং উৎপাদন হয়েছে ২০ হাজার ১২৪ মেট্রিক টন। বর্তমানে এই জেলায় আমড়া চাষের সঙ্গে প্রায় ৩ হাজার ৩০০ জন কৃষক জড়িত রয়েছেন।
জেলার নেছারাবাদ, নাজিরপুর, পিরোজপুর সদর, জিয়ানগর, ভান্ডারিয়া, কাউখালী ও মঠবাড়িয়া উপজেলায় আমড়ার ফলন বাড়লেও উৎপাদনের দিক থেকে শীর্ষে রয়েছে নেছারাবাদ উপজেলা। বিশেষ করে নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা অঞ্চলে পেয়ারার মৌসুম শেষ হওয়ার পরপরই এখন আমড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। অতীতে এখানকার চাষিরা পেয়ারা উৎপাদনে বেশি আগ্রহী থাকলেও বর্তমানে বরিশালের আমড়ার ব্যাপক চাহিদার কারণে তারা আমড়া উৎপাদনে বেশি ঝুঁকছেন।
জেলাজুড়ে স্থলপথের পাশাপাশি নৌপথেও আমড়া পরিবহন করা হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কের পাশে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি খালে খালে নৌকাভর্তি আমড়া নিয়ে পাইকারি হাটে ভিড় জমান চাষিরা। আটঘর-কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে দরদাম, পরিবহন ও লেনদেনের ব্যস্ততায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বর্তমানে মানভেদে প্রতি মণ আমড়া এক হাজার ৩০০ থেকে এক হাজার ৮০০ টাকা এবং আকারভেদে দুই হাজার থেকে তিন হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় পাইকার ও ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আমড়া কিনে সড়কপথে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, যশোর ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন।
এ অঞ্চলের আমড়া আকারে বড় ও মিষ্টি হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এর সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। ভারতের কলকাতা, আগরতলা, আসাম ও মেঘালয়ের বাজারে পিরোজপুর-বরিশাল অঞ্চলের আমড়ার ব্যাপক চাহিদা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমড়ার কলম বা বারোমাসি জাতের চারায় এক বছরের মধ্যেই ফল ধরতে পারে। বীজ থেকে জন্মানো গাছে ফল আসতে সাধারণত ৩ থেকে ৭ বছর সময় লাগে। সঠিক যত্ন ও জাতভেদে একটি আমড়া গাছ সাধারণত ২০ থেকে ৩০ বছর পর্যন্ত ফল দেয়। দেশি বা মৌসুমি আমড়ায় সাধারণত বছরে নির্দিষ্ট সময়ে (শরৎকাল বা মৌসুমভেদে) ফল ধরে। বারোমাসি জাতের গাছে বছরের অধিকাংশ সময়ই ফুল ও ফল দেখা যায়।
এলাকার চাষিরা জানান, প্রাকৃতিক কারণে এ বছর আমড়ার ফলন খুব একটা ভালো না হলেও জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় তাদের আগ্রহ ও উদ্দীপনা অনেক বেড়েছে। আগে যেখানে পেয়ারার দিকেই তাদের মূল মনোযোগ ছিল, এখন পেয়ারার মৌসুম শেষ হতেই আমড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। এর পাশাপাশি এ অঞ্চলের অনেক কৃষক অন্যান্য কৃষিপণ্যের সঙ্গেও জড়িত। জিআই স্বীকৃতি এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক চাহিদার কারণে আগামীতে এ জেলায় আমড়ার উৎপাদন আরও বহুগুণ বাড়বে বলে মনে করছেন কৃষকেরা।
নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা এলাকার রহিম শেখ নামে এক চাষি বলেন, “আমার আমড়াবাগান থেকে বছরে প্রায় ৫ লাখ টাকার আমড়া বিক্রি করি। বাগানে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করেন। তারা গাছের নিয়মিত পরিচর্যাসহ বাগানের নানা কাজ করেন। তবে কৃষি অফিসের নিয়মিত সহযোগিতা পেলে আরও ভালো চাষ করতে পারব।”
পাইকারি ব্যবসায়ীরা জানান, চাষি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসা হয়। এরপর সড়কপথে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্তে তা পৌঁছে দেওয়া হয়।
নেছারাবাদের আমিনুল ইসলাম নামে এক পাইকারি ক্রেতা বলেন, “পেয়ারার মৌসুম শেষ হতেই আমড়ার মৌসুম শুরু হয়। বিভিন্ন এলাকার আমড়া পাইকারি কিনে সেগুলো ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলের আড়তদারদের কাছে পাঠাই। আমি প্রায় ৮ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত।”
আমড়ার মৌসুমকে কেন্দ্র করে শ্রমিকদের জীবনযাত্রায়ও বাড়তি গতি আসে। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌকাভর্তি আমড়া ঘাটে খালাস করা, বাছাই করা, বস্তা বা ঝুড়িতে বোঝাই করা এবং পাইকারি বাজারে সরবরাহের কাজে শত শত শ্রমিক ব্যস্ত সময় পার করেন। এ মৌসুমে তাদের কর্মসংস্থান ও আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়।
ইয়াসিন নামে এক শ্রমিক বলেন, “পেয়ারার পর আমড়ার কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে আমাদের এভাবে কাজ করতে হয়। বর্তমানে আমরা গাছ থেকে আমড়া পেড়ে বাছাই করি। এরপর বস্তায় ভরে ক্রেতাদের কাছে নিয়ে আসি। মালিকের কাছে বিক্রির পর বস্তাগুলো ট্রাকে তুলে দিই। এ আয় থেকেই আমাদের পরিবারের খরচ চালাতে হয়। তবে আমাদের মজুরি আরেকটু বাড়ালে পরিবার নিয়ে মোটামুটি ভালো থাকতে পারব।”
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর জেলার উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, “বরিশালের আমড়া নামে পরিচিত যে আমড়া, এর বেশিরভাগই পিরোজপুরে উৎপাদিত হয়। এখানকার আমড়া অত্যন্ত সুস্বাদু এবং দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। জেলায় প্রতি বছর প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়। কৃষকদের গাছের পরিচর্যা এবং রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধে আমরা কারিগরি পরামর্শ দিয়ে থাকি। এসব কৃষককে প্রণোদনা দেওয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির সময় চারা বিতরণ করা হয়।”