খাগড়াছড়ির সদর হাসপাতালে গত ১২ দিন ধরে এক্সরে মেশিন অচল থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই হাসপাতালটি এলাকার একমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক প্রতিষ্ঠান হলেও যন্ত্রপাতির সমস্যায় রোগীরা বিপাকে পড়েছেন। এক্সরে করাতে না পারায় অনেক রোগীকে হাসপাতাল থেকেই ফিরে যেতে হচ্ছে, অন্যদিকে জরুরি প্রয়োজনে রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে হচ্ছে।
সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা ও পরীক্ষার আশায় এলেও মেশিন নষ্ট থাকায় রোগীদের বাধ্য হয়ে বাইরে যেতে হচ্ছে। এতে বাড়তি অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও দুর্ভোগ দ্বিগুণ হচ্ছে। এক ভুক্তভোগী রোগীর স্বজন বিবেক চাকমা বলেন, "হাসপাতালে বোনের চিকিৎসার জন্য এসে জানতে পারি এক্সরে মেশিন নষ্ট। বাধ্য হয়ে বাইরে পরীক্ষা করাতে হয়েছে। হাসপাতালে পরীক্ষা করানো গেলে খরচ কম হতো, এত ভোগান্তিও পোহাতে হতো না।"
এছাড়া দূরবর্তী বাঘাইছড়ি উপজেলা থেকে আগত রোগী মো. তুহিন জানান, "কম খরচে চিকিৎসা পাওয়ার আশায় দূর থেকে এসেছি। কিন্তু এক্সরে করতে না পেরে বাইরে যেতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এ বাড়তি খরচ বহন করা কঠিন।"
খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. রিপল বাপ্পী চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, "গত ১২ দিন ধরে এক্সরে মেশিনটি নষ্ট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুতই এর সমাধান হবে।" তিনি আরও জানান, হাসপাতালের বেশকিছু যন্ত্রপাতি অনেক পুরোনো হয়ে যাওয়ায় অকেজো হয়ে পড়েছে। এগুলোর দ্রুত মেরামত ও আধুনিকায়ন প্রয়োজন।