ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার চাতলপাড় গ্রামের দয়াল ভূঁইয়া (২৬) এবং কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের সজিব মিয়া (২৩)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে স্পিডবোট চালক সজিব ফুলকারকান্দি এলাকার রোগী চান বানুকে (৫০) নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। রোগীকে সেখানে রেখে ফিরতি পথে সজিব, দয়ালসহ মোট তিনজন ছিলেন স্পিডবোটে।
ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী স্টিলের বাল্কহেডের সঙ্গে তাদের স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজিবকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই দয়াল ও সজিবের মৃত্যু হয়েছিল। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছেন দয়ালের বাবা রায়হান ভূঁইয়া। তিনি আক্ষেপ করে মুক্তকণ্ঠকে বলেন, "তাঁর স্বপ্ন ছিল ছেলেকে ইউরোপে পাঠাবেন। এ জন্য কাগজপত্র জমা দেওয়ার কাজও সম্পন্ন হয়েছিল। সেই স্বপ্ন এখন শুধু স্মৃতি হয়ে রইল।"
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।