ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে শিশুটির মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া এলাকায় মেঘনা নদীর তীরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তা উদ্ধার করেন। নিহত শিক্ষার্থী ফারিয়া চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। সে এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছিল।
পরিবার ও স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হঠাৎ নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং দ্রুতই বিষয়টি বাড়িতে অবহিত করে।
খবর পাওয়ার পরপরই স্বজন ও স্থানীয় লোকজন নদীতে ব্যাপক তল্লাশি শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করে, তবে সেদিন শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে ফকিরদিয়া এলাকায় নদীসংলগ্ন তীরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।