কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া মো. রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে পুলিশ জানায়, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা হট্টগোল হয়নি। একপর্যায়ে ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান রেনু মিয়া।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"