গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিরা পুলিশকে পাথর নিক্ষেপ করে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময় পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করা হয়। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। থানায় নিয়ে যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। তারা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, "পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর বৃষ্টির মতো ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। আমরা আসামি ও পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"