গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারকৃত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ কেরানীরটেক বস্তিতে অভিযান চালায়। সেখানে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুল মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি টঙ্গীর কেরানীরটেক এলাকার বাসিন্দা। তাকে থানায় নিয়ে যাওয়ার পথে একদল মাদক কারবারি পুলিশের গতি রোধ করে। তারা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে।
এই হামলায় টঙ্গী পূর্ব থানার কনস্টেবল মো. মাসুদ আহত হন। এ সুযোগে হামলাকারীরা রাহুলকে হাতকড়া সহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম মুক্তকণ্ঠকে বলেন, "আসামি ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
এ ঘটনার পর রোববার রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত পুলিশ আর রাহুলকে গ্রেপ্তার করতে পারেনি।