গাজীপুরের টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকায় একটি বস্তার ভেতর ১০ থেকে ১২টি বিস্ফোরক যন্ত্র বা 'ককটেল' পড়ে থাকার সন্ধান পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, শনিবার (৩ অক্টোবর) দুপুরে এই তথ্য জানা যায়। তিনি বলেন, "ককটেলের মতো ১০-১২টি বস্তু দেখা গেছে। ধারণা করছি এগুলো ককটেল হবে। বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।"

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুটিয়ার আন্ধারুল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হৃদয়ের বাড়ির সামনে এসব সন্দেহজনক বস্তু দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাটি ঘিরে রাখা হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা পুরো এলাকাটি ঘিরে রেখেছি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।" বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হলেও তারা এখনো ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা গেছে।