শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সি এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির পিতা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার বোরহান উদ্দিন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার বাসিন্দা। তিনি ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি এলাকায় অবস্থিত নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ঐ মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। বিভিন্ন সময়ে বোরহান উদ্দিন ভয়ভীতি দেখিয়ে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণ এবং বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, "মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।"