চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় তার প্রতিবেশী মো. মজিবুর রহমান মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মুক্তকণ্ঠকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবুর রহমান মৃধাকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।" রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় আট বছর বয়সী শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি তাঁর মেয়েকে এক প্রতিবেশীর বাসায় রেখে কাজে যান। ওই সময় মজিবুর শিশুটিকে পাশের আরেকটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই বছরের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন।