নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আবু বক্কর সিদ্দিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হবে বলে রায় ঘোষণা করেন বিচারক।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শারমিন আখতার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের আবু হানিফের ছেলে।

নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে তৃতীয় শ্রেণির ওই শিশু শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে বিজয়নগর কওমি মাদ্রাসার সামনে পৌঁছালে স্থানীয় যুবক আবু বক্কর সিদ্দিক শিশুটিকে জোর করে তুলে নিয়ে যায় মাদ্রাসার একটি কক্ষে। পরে সেই কক্ষের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ করে ছেড়ে দেয় শিশুটিকে। মাদ্রাসা থেকে বের হয়ে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে যায়। এ সময় শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুটির বাবা ইমরান আলী বাদী হয়ে আবু বক্কর সিদ্দিকের নামে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে পুলিশ তদন্ত করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ প্রায় দেড় বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।