চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার চৌচালা সমুদ্রপাড় এখন সাদা কাশফুলের এক অপরূপ চাদরে ঢাকা। শরতের এই শুভ্রতার মাঝে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। কাশফুলের এই বিস্তীর্ণ প্রান্তরে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং বিনোদনের আমেজও লক্ষ্য করা যাচ্ছে; কাশফুলের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন অনেক মানুষ।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার ঘণ্টা বাজে, তখন পশ্চিম আকাশে ধীরে ধীরে অস্ত যেতে থাকে রক্তিম সূর্য। গোধূলির এই মায়াবী আলোয় সাদা কাশফুলগুলো আরও রঙিন ও উজ্জ্বল হয়ে ওঠে। দিগন্তের দূরে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে ছুটে চলছে পণ্যবাহী জাহাজ। সাগরের অসীম বিশালতা, কাশফুলের শুভ্রতা আর অস্তগামী সূর্যের লাল আভা—সব মিলিয়ে সেখানে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর ও মোহনীয় দৃশ্য, যা দর্শকদের মুগ্ধ করছে।