শরৎ ঋতুর আগমনে শুভ্র কাশফুলের সমারোহে সেজে উঠেছে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীবেষ্টিত চরাঞ্চল। বিশেষ করে ফুলছড়ি ও বালাসী ঘাট সংলগ্ন নদীপাড়জুড়ে ছড়িয়ে থাকা কাশফুলের এই শুভ্রতা প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু এবং কনটেন্ট নির্মাতাদের জন্য এক বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নদীর তীরজুড়ে দুলছে সাদা কাশফুল। প্রিয়জনদের সঙ্গে হাতে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে সেখানে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ কেবল শরতের এই স্নিগ্ধ প্রকৃতি উপভোগ করে সময় কাটাচ্ছেন। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ এখানে ভিড় করছেন।

সাঘাটার বোনারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারুফা আক্তার জানান, স্বামী ও তিন বোনকে নিয়ে তিনি কাশফুল দেখতে এসেছেন। কাশফুলের সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিময় কিছু সময় কাটিয়েছেন।

অন্যদিকে, সাঘাটার কচুয়া ইউনিয়নের সোহান সরকার বলেন, স্ত্রীকে নিয়ে ফুলছড়ি ঘাটে এসেছেন। কাশফুলে ঘেরা পরিবেশে ছবি তুলে ভালো সময় কাটিয়েছেন।

গাইবান্ধা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মতিউর রহমান জানান, সাহিত্য ও কবিতায় কাশফুলের কথা তিনি বহুবার পড়েছেন। এবার যমুনার তীরে কাশফুলের অপরূপ সৌন্দর্য কাছ থেকে দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

কনটেন্ট নির্মাতা ময়নুল ইসলাম বলেন, গাইবান্ধার মধ্যে ফুলছড়ি ও বালাসী ঘাট ভিডিও ধারণের জন্য অন্যতম নান্দনিক স্থান। প্রতিবছর শরৎ মৌসুমে অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লেখক অমিতাভ দাস হিমুন মুক্তকণ্ঠকে বলেন, “শরৎকালে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ ফুলছড়ি ও বালাসী ঘাটে ভিড় করেন। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এটি একটি আকর্ষণীয় স্থান।”

দেশবরেণ্য আলোকচিত্রী ও দৃক নিউজের ফটোগ্রাফার কুদ্দুস আলম মুক্তকণ্ঠকে বলেন, “শরৎকালে গাইবান্ধার চরাঞ্চলের কাশফুলের সৌন্দর্য ধারণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলোকচিত্রী ও দর্শনার্থীরা আসেন। তার তোলা কাশফুলের অনেক ছবি দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রামাণ্যচিত্রে ব্যবহৃত হয়েছে। নদী, চর ও কাশফুলের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রাকৃতিক সৌন্দর্য তাকে প্রতিবারই নতুন করে আকৃষ্ট করে।”