শনিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার একটি আখক্ষেতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাম তমেজুল ইসলাম (৪৬)। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহটি আখক্ষেতে ফেলে রেখে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির পর মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের উদ্দেশে রওনা হন তমেজুল ইসলাম। এরপর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তমেজুল ইসলামকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"