চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ঢাকাগামী বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশার চালক ও নিহত নারীর তিন স্বজন আহত হয়েছেন।

আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাগদা বড়বাড়ির সামনে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৫)। তিনি উপজেলার ঘিলাতলী এলাকার ইসমাইল গাজীর স্ত্রী। এক স্বজনের মৃত্যুর খবর পেয়ে সাদিয়া আক্তার ও তাঁর তিন স্বজন অটোরিকশায় করে ঘিলাতলী থেকে নাগদা এলাকায় যাচ্ছিলেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, অটোরিকশাটি নাগদা বড়বাড়ির সামনে থামে। এ সময় মতলব দক্ষিণ থেকে ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি সেটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ওই সময় গুরুতর আহত হয়ে সাদিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক ও সাদিয়ার তিন স্বজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।"