ছোট ভাইয়ের মরদেহ দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান বড় ভাই। আর সেই জ্ঞান ফেরেনি তাঁর। অচেতন অবস্থায় দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় গতকাল সোমবার পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন হাসেম খান (৬০) এবং তাঁর ছোট ভাই হাসান খান (৫৫)। একই দিনে পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের বুকফাটা কান্না থামছে না।

আজ মঙ্গলবার সকালে নবকলস এলাকার ওই বাড়িতে গিয়ে দেখা যায়, একটি কক্ষে বেশ কয়েকজন নারী বসে আছেন। তাঁদের মধ্যে কেউ নীরবে চোখের জল ফেলছেন, আবার কেউ শোকে স্তব্ধ হয়ে বসে আছেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসান খানের হৃদ্‌রোগ ছিল। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় একটি ভাড়া বাসায় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। বেলা একটার দিকে তাঁর মরদেহ নবকলসের পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়। ছোট ভাইয়ের লাশ দেখে শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন বড় ভাই হাসেম খান এবং বেলা তিনটায় তাঁর মৃত্যু হয়। রাত আটটায় পারিবারিক কবরস্থানে দুই ভাইকে পাশাপাশি দাফন করা হয়। হাসান খানের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে এবং হাসেম খানের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাসান খানের ছোট মেয়ে রিপা খান কান্নায় ভেঙে পড়ে মুক্তকণ্ঠকে বলেন, “তাঁর (রিপা) ভাই অনেক টাকা ঋণ করে দুই বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। অনেক দিন সেখানে বেকার ছিলেন। কয়েক মাস আগে কাজ পেলেও আয় তেমন নেই। সংসারে আর্থিক সমস্যাও তীব্র।” রিপা আরও জানান, তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন এবং এখন জ্যাঠাও মারা গেলেন। ফলে তাঁরা এখন সম্পূর্ণ অভিভাবকশূন্য হয়ে পড়েছেন।

অন্যদিকে, হাসেম খানের স্ত্রী মেহেরুন নেছা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর দুবার স্ট্রোক হয়েছিল। ছোট ভাইয়ের লাশ দেখে তিনি সহ্য করতে পারেননি।”

একই পরিবারের এই দুই ব্যক্তির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।