চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম পায়ে গুরুতর আঘাত পাওয়ার কারণে বর্তমানে তাঁর দাপ্তরিক কার্যালয়ে উপস্থিত হতে পারছেন না। তবে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে তিনি তাঁর বাংলোর কার্যালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং সাধারণ মানুষকে সেখানে আসার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে ইউএনও তাঁর দাপ্তরিক ফেসবুক আইডি থেকে একটি বিশেষ পোস্ট দিয়েছেন।
আজ সোমবার সকালে ইউএনও তাঁর ফেসবুক আইডি (ইউএনও, মতলব দক্ষিণ, চাঁদপুর) থেকে এলাকাবাসীর উদ্দেশে এই পোস্টটি প্রদান করেন। সেখানে তিনি লিখেছেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাগ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত।’
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলার সময় কে এম ইশমামের ডান গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং তাঁর ডান পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। চিকিৎসকরা তাঁকে ২৮ দিনের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তা সত্ত্বেও ১৯ অক্টোবর থেকেই তিনি বাংলোয় বসে দাপ্তরিক কাজ শুরু করেন। তিনি নিয়মিত ফাইলপত্রে স্বাক্ষর করছেন এবং এলাকার সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এমনকি পায়ে ব্যান্ডেজ থাকা অবস্থাতেই মাঝেমধ্যে উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকায় উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারকি করছেন তিনি।
উল্লেখ্য, ইউএনও কে এম ইশমাম বাড়তি দায়িত্ব হিসেবে মতলব পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বও পালন করছেন।
উপজেলা পরিষদ ভবনের পেছনে অবস্থিত ইউএনওর বাংলোতে গতকাল রোববার এবং আজ সোমবার বেলা ১১টার দিকে অনেক সেবাপ্রত্যাশীর ভিড় লক্ষ্য করা গেছে। সেখানে দেখা গেছে, ইউএনও অত্যন্ত মনোযোগ সহকারে তাঁদের কথা শুনছেন এবং দ্রুত সমস্যার সমাধান দিচ্ছেন। কাজের ফাঁকে তিনি দাপ্তরিক কাগজপত্রে সই করছেন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।
সেবাপ্রত্যাশীদের মধ্যে উপজেলার কলাদী এলাকার এক গৃহবধূ ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, তিনি দীর্ঘকাল ধরে এক জটিল রোগে আক্রান্ত এবং অসুস্থ। আর্থিক সহযোগিতার আবেদন নিয়ে তিনি ইউএনওর কাছে এসেছেন। ইউএনও তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং একটি দরখাস্ত জমা দিতে বলেছেন।
মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ চন্দ্র সরকার জানান, কলেজের কিছু প্রয়োজনীয় ফাইল ও ভাউচারে স্বাক্ষরের জন্য তিনি ইউএনওর কাছে গিয়েছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি তৎক্ষণাৎ সব কাগজে সই করে দিয়েছেন।
অন্যদিকে, মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার নানা দাপ্তরিক কাজে তিনি প্রায় প্রতিদিন ইউএনওর কাছে যান। তিনি লক্ষ্য করেছেন, পায়ে ব্যান্ডেজ থাকা অবস্থায় হুইলচেয়ারে বসেই ইউএনও অত্যন্ত ধৈর্য ধরে পৌরসভার কাজগুলো সম্পন্ন করছেন, যা তাঁর অদম্য মানসিকতার পরিচয় দেয়।
এই বিষয়ে ইউএনও কে এম ইশমাম মুক্তকণ্ঠকে বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবাপ্রত্যাশীরা তাঁর কাছে আসেন। যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হন এবং হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন–রাত কাজ করছেন। নৈতিক ও দাপ্তরিক দায়িত্ববোধ থেকে তিনি এটি করছেন। বিষয়টি সবার নজরে আনার জন্য ফেসবুকেও আজ এলাকাবাসীর উদ্দেশে পোস্ট দিয়েছেন।