পাবনার সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নে জমিতে জমে থাকা পানিতে ডুড়ে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নবীন বাজার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একই পরিবারের দুই সন্তান ও প্রতিবেশীর এক মেয়ে মারা যাওয়ায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮), মেয়ে আফিয়া খাতুন (৬) এবং শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)। তারা তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের জানানো অনুযায়ী, পদ্মা নদীর তীরবর্তী এই গ্রামটিতে বৃষ্টি ও নদীর পানি বেড়ে ফসলের জমি প্লাবিত হয়েছিল। বেলা দুটোর সময় তিন শিশু জমির পানিতে গোসল করতে নামে। ধারণা করা হচ্ছে, প্রথমে একজন শিশু পানিতে ডুবে যায়। অন্য দুজন তাকে উদ্ধার করতে গিয়ে তারাও পানিতে ডুবে যায়।
হঠাৎ তাদের অনুপস্থিতি লক্ষ্য করে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন পানিতে নামে। একপর্যায়ে অচেতন অবস্থায় তিন শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুস সালাম বলেন, "ঘটনার পর দুটি বাড়িতেই মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তিনি বলেন, "পরিবারের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"