পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) এবং মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। নিহত খালিদ ও আফিয়া ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে বৃষ্টির পানি জমেছিল। ওই পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। গোসলের সময় গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে স্বজন ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় পুরো দাশপাড়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।