সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই বছরের শিশু আবদুল্লাহ নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা-মা এবং ভাতিজা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে রাকিবুল ইসলাম স্ত্রী, ছেলে আবদুল্লাহ ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেল করে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জিন্দাবাজার এলাকায় বিপরীত দিক থেকে উল্টো পথে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এই ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় পড়েন শিশু আবদুল্লাহ। স্থানীয়রা তাকে ও অন্যদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আবদুল্লাহ পরিবারের সদস্যরা নগরের খাসদবীর এলাকায় থাকেন। শিশুটির বাবা রাকিবুল ইসলামের সহকর্মী আশিকুর রহমান খান মুক্তকণ্ঠকে বলেন, "২০১৯ সালে বিয়ে করেন রাকিবুল। বিয়ের প্রায় ছয় বছর পর আবদুল্লাহর জন্ম হয়।"
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।