সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে আসা এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) এবং হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, “রেস্তোরাঁর দুই কর্মচারীকে গোয়েন্দা ও থানা–পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
মামলার বিবরণ অনুযায়ী, গত শনিবার বিকেলে এক তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। সেই সময় তাঁদের অজান্তেই গোপনে ছবি তোলা হয়। পরবর্তীতে ওই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁদের হেনস্তা ও অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী তরুণ তাঁর অভিযোগে উল্লেখ করেছেন যে, ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে তাঁর ও তাঁর বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার, হয়রানি ও উসকানি দেওয়া হচ্ছে। এর ফলে দুই পরিবারের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তাঁরা চরম বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন দুই কর্মচারীকে শনাক্ত করা হয়। এরপর রোববার রাতে ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও সামছুল আমীনকে আটক করা হয়। আজ ভুক্তভোগী তরুণের করা মামলার প্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।