দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গজনিত কারণে মোট ১ হাজার ৬৩ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়কালে হামের উপসর্গ দেখা দেওয়ায় ছয় শিশু মারা যায়। একই সময়ে সন্দেহজনক হাম রোগ হিসেবে ১ হাজার ২২১ শিশু শনাক্ত হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ শিশুর।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৯৬২ শিশু এবং নিশ্চিত হাম রোগে ১০১ শিশুর মৃত্যু হয়েছে। একই মেয়াদে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ শিশু রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে, হাসপাতালে ভর্তি সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ শিশু।