ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে। ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
সূত্রগুলোতে জানানো হয়েছে, শুক্রবার লোহিত সাগরের বাব আল-মান্দেব নৌপথের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপের নিয়ন্ত্রণে নেয় হুতিরা। এর মাধ্যমে পুরো প্রণালি এলাকাটিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, ময়উন দ্বীপ থেকে গতকাল সরকারি বাহিনী প্রত্যাহার করার পর সশস্ত্র হুতি যোদ্ধাদের বহনকারী নৌকাগুলো ওই দ্বীপে পৌঁছায়। বাব আল-মান্দেব এলাকা এবং প্রণালির ঠিক মাঝখানে অবস্থিত ময়উন দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা।
অপর একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, সশস্ত্র ব্যক্তিরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছে এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছে।
ইরান-সমর্থিত হুতিরা গত সপ্তাহে বাব আল-মান্দেব এলাকায় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর থেকে কয়ে শ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজারো পরিবার।
ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। ফলে বাব আল মান্দেব প্রণালি নৌচলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়ল।