সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ বৃহস্পতিবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। এই ঘটনার পর রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভোরেই সৌদি আরবের যুদ্ধবিমানগুলো হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় এই হামলার খবর নিশ্চিত করেছে, তবে তারা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
গত কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল। তবে কয়েক মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
বিপদ আপাতত কেটে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বাসিন্দাদের এক জায়গায় ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কেবল রিয়াদই নয়, সৌদি আরবের আরও দুই এলাকা ওয়াদি আদ-দাওয়াসির এবং আস-সুলায়িল এলাকায়ও জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। উল্লেখ্য, ওয়াদি আদ-দাওয়াসির ও আস সুলায়িল—উভয়টিই সৌদি আরবের রিয়াদ অঞ্চলের গভর্নরেট বা প্রশাসনিক এলাকা। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াদি আদ-দাওয়াসির ও আস-সুলায়িল গভর্নরেটে সম্ভাব্য হুমকির বিষয়ে পৃথকভাবে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে এখন বিপদের আশঙ্কা কেটে গেছে।
আজকের এই অস্থির পরিস্থিতির মধ্যে পাঁচ ঘণ্টায় মোট পাঁচবার জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল। এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তের দিকে ছুটে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করেছে। অন্যদিকে হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান ও খামিস মুশাইতেও হামলা চালানোর দাবি করেছে তারা।
এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) রিয়াদে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন ব্র্যাড কুপার। তাঁদের আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, খালিদ বিন সালমান ও ব্র্যাড কুপারের এ বৈঠকের কিছুক্ষণ পরই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনায় হামলা জোরদার করেছে। জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে এর আগেও বারবার হামলা হয়েছে। এর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনাও রয়েছে। এ ছাড়া আরেকটি হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাজধানীতে সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকোর মালিকানাধীন একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।