মাটির ভাঙা ও খানাখন্দে পূর্ণ সড়কের কারণে দিনরাত হাঁট-বাজারে যাওয়ায় স্থানীয়রা কষ্ট পোহাতেন। এই সমস্যার সমাধানে নিজ উদ্যোগে সড়কটি মেরামত করেছেন গ্রামের সাত যুবক।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর-মল্লিকপুর-বাদাঘাট সড়কের একটি অংশ মেরামত করা হয়। উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের সাত যুবক স্বেচ্ছায় মাটি ভরাট ও কংক্রিটের টুকরা ব্যবহার করে সড়কটি সংস্কার করেন। এতে এখন এলাকার লোকজন ও যানবাহন সহজে চলাচল করতে পারছে।

সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রমে কাজ করেন মাহতাবপুর গ্রামের বিপ্লব হাসান ইমন, আসাদুল হক, রুহুল আমিন, রফিক মিয়া, ছয়ফুল ইসলাম, দিদার হোসেন ও মখলু মিয়া।

বিপ্লব হাসান ইমন বলেন, "আমাদের গ্রামের সামনে সড়ক দিয়ে প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে। কিন্তু সড়ক ভাঙাচোরা ও খানাখন্দভরা থাকায় মানুষের অনেক দুর্ভোগ সইতে হতো।"

তিনি আরও বলেন, "বাদাঘাট বাজারে ও তাহিপুর উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। কিন্তু এই রাস্তায় কাদামাটি থাকায় মানুষের ভোগান্তি পোহাতে হত। তাই মাহতাবপুর যুবকদের উদ্যাগে মেরামত করা হয়েছে।"