র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফেনী শহরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহরের মহিপাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন জাকির আলম এবং ১৫ বছর বয়সি এক কিশোর। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দলটি জানতে পারে যে, মাদক কারবারিরা চট্টগ্রাগামী বাসে ওঠার জন্য মাদক নিয়ে মহিপালে অবস্থান করছেন। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় তল্লাশি চালিয়ে জাকির আলমের কাছে থাকা একটি খাকি রঙের কার্টন থেকে ৮ কেজি এবং কিশোরের কাঁধের ব্যাগ থেকে ৭ কেজি করে মোট ১৫ কেজি স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।