ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআরবি-৭ গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ফেনী সদর থানার অন্তর্গত মধ্যম চাড়িপুর গ্রামের বায়তুশ শরীফ জামে মসজিদের উত্তর পাশে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে কিছু অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই সংবাদের সত্যতা যাচাই করে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এসআরবি ফেনী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দ্রুত ওই নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। তল্লাশির পর সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে ফেনী এসআরবি-৭-এর অধিনায়ক মিজানুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”