চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক এবং ১৬টি গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সলিমপুর ইউনিয়নের আলীনগর বাহাদুরঘোনা এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত চার ব্যক্তির নাম রাসেল (৩০), মোরশেদ (২৮), বাবু (২৫) এবং সাব্বির (৩২)।

পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এবং সেখানে অস্ত্র মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পুলিশ যখন ওই এলাকায় পৌঁছায়, তখন তাদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

অভিযানটি পরিচালনায় নেতৃত্ব দেওয়া ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর মুক্তকণ্ঠকে বলেন, “বাহাদুরঘোনা এলাকায় একদল সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে তাঁরা সেখানে অভিযান চালান। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।”