চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সারদার আদলে একটি আধুনিক পুলিশ একাডেমি স্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই পরিকল্পনার কথা জানিয়েছেন। এর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করতে রামুর ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে দুটি নতুন ক্যাম্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য প্রদান করেন। এর আগে রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি এবং পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুরের সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিত করা হবে।”
রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, ক্যাম্পের অভ্যন্তরে মাদক ব্যবসা এবং মানবপাচারের মতো অপরাধের কারণে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে। এই ধরনের অপরাধের তদন্তে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঙ্গিখালী এবং নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নজরদারি বাড়াতে ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভির আওতায় আনা হবে বলে তিনি জানান।
রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাদের প্রত্যাবসন সম্ভব।”