চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডির মাধ্যমে অপপ্রচার চালানো এবং সংঘাত সৃষ্টিতে উসকানির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলোচিত ব্যক্তি মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন এবং তার প্রধান সহযোগী আব্দুর শুক্কুর রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যগুলো জানান চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেতৃত্বাধীন একটি নেটওয়ার্কের সদস্য। তাদের বিরুদ্ধে র্যাব সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, ক্যাম্পের পানিতে বিষ মেশানোর চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনবিরোধী অপপ্রচার চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন, তার প্রধান সহযোগী আব্দুর শুক্কুর, মো. পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, মো. সাকিবুল হাসান এবং মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানার নেতৃত্বে জেলা সাইবার ইউনিটের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। মহানগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী থানা এলাকায় পর্যায়ক্রমে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন তাদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। জব্দ করা ডিভাইসগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে পুলিশ অপপ্রচারের কাজে ব্যবহৃত ৩৯টি ফেসবুক পেজ ও আইডি শনাক্ত করতে সক্ষম হয়েছে।
শনাক্ত হওয়া পেজ ও আইডিগুলোর মধ্যে রয়েছে— ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’, ‘জঙ্গল সলিমপুর নিউজ ২৪’, ‘জঙ্গল সলিমপুর মিডিয়া সেল’, ‘নাগরিকবার্তা ২৪’, ‘জাগ্রত আলী নগর’ ও ‘জনগণের নেতা’। এছাড়া বিভিন্ন ব্যক্তির নাম ও ছদ্মনামে খোলা একাধিক ভুয়া অ্যাকাউন্টও এই চক্রের ব্যবহৃত তালিকায় রয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেহেদী, সাকিবুল ও আনোয়ার সম্পর্কে ইয়াসিনের আপন ভাগনে। আব্দুর শুক্কুর ইয়াসিনের প্রধান সহযোগী হিসেবে অবৈধ জমি কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। মেহেদী ও সাকিবুল ‘আলিনগর বহুমুখী সমবায় সমিতি’ নামের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। অন্যদিকে, আনোয়ার বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালাতেন। পারভেজও এই চক্রের সক্রিয় সদস্য।”
তিনি আরও বলেন, “ইয়াসিনের নির্দেশনায় চক্রটি মাঠপর্যায়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি সাইবার জগতেও সক্রিয় ছিল। ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হতো। এ কাজে অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের প্রচার বাড়াতে ‘পেইড বুস্টিং’ও করা হতো।”
চট্টগ্রাম জেলা পুলিশ আরও জানিয়েছে যে, জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি ও পাহাড় রক্ষা, ভূমি দখল প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ওই এলাকায় ছয়টি নতুন রাস্তা নির্মাণের কাজ দৃশ্যমান হয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
পুলিশ আরও সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার চালিয়ে রাষ্ট্রের আইনানুগ কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।