নোয়াখালীর হাতিয়া উপজেলায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষক বুধবার (৯ সেপ্টেম্বর) সরাসরি জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেলেন। টেলিভিশনের পর্দায় নয়, সংসদ ভবনের গ্যালারিতে বসে তারা আইন প্রণয়ন, রাষ্ট্র পরিচালনা ও সংসদীয় গণতন্ত্রের বাস্তব চিত্র নিজেদের চোখে দেখেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের উদ্যোগে বিকেলে এই বিশেষ আমন্ত্রণ পাওয়া যায়। প্রতিনিধিদলে রয়েছে সমাপ্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন কৃতী শিক্ষার্থী, ঢাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩৯ জন শিক্ষার্থী এবং ১৫ জন শিক্ষক। এঁদের মধ্যে হাতিয়ার জাহাজমারা উচ্চবিদ্যালয়, সুখচর মমিনজিয়া উচ্চবিদ্যালয়, চরকিং উচ্চবিদ্যালয়, মাইজদী উচ্চবিদ্যালয়, হাতিয়া ইউনিয়ন মডেল পাইলট উচ্চবিদ্যালয়, হাতিয়া জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট আদর্শ হাইস্কুল, আবদুল মোতালেব উচ্চবিদ্যালয় এবং জাহাজমারা নেরাজুল উলুম মাদ্রাসার ছাত্রছাত্রীরা অন্তর্ভুক্ত ছিলেন।
সরাসরি সংসদ কার্যক্রম দেখার অনুভূতি প্রকাশ করে জাহাজমারা উচ্চবিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী তাহমিনুল ইসলাম বলেন, টিভি পর্দায় সংসদ অধিবেশন অনেক দেখেছি, কিন্তু স্বচক্ষে জাতীয় সংসদের স্পিকার, সংসদ সদস্য ও মন্ত্রীদের আলোচনা ও যুক্তিতর্ক দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। বইয়ের পাতার চেয়ে সরাসরি সংসদীয় চর্চা দেখার মাধ্যমে আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ধারণা হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাতিয়ার সন্তান তাহমিনা আক্তার বলেন, একটি বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল থেকে এসে মহান জাতীয় সংসদের অধিবেশনে সরাসরি উপস্থিতি আমাদের মতো তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তরুণদের রাষ্ট্রভাবনায় আগ্রহী করতে এই উদ্যোগ দারুণ ভূমিকা রাখবে।
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ তার এলাকার মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্র পরিচালনার বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের কাছে লিখিত আবেদন করেন। সংসদ সচিবালয়ের অনুমোদন লাভের পরই গ্যালারিতে বসে অধিবেশন পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়।
শিক্ষণীয় এই সফর সম্পর্কে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, ভবিষ্যতেও দ্বীপ অঞ্চল হাতিয়ার তরুণ প্রজন্মকে রাষ্ট্রের মূলধারার সঙ্গে পরিচিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।