নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় ১২ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অসুস্থতার মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)। তমরদ্দি জোড়খালী গ্রামের এই শিক্ষার্থীরা সপ্তম ও দশম শ্রেণিতে পড়েন।

বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, পাঠদান চলাকালে প্রথমে কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ বোধ করেন। পরিস্থিতি গুরুতর হলে শিক্ষকরা ও স্থানীয়রা দ্রুত তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মোট ১২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

ঘটনার খবর পেয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল হাসপাতালে যান এবং চিকিৎসাধীনদের অবস্থা জানতে চান।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রবিউল হোসেন বলেন, "১২ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে বা জ্ঞান হারিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।"

জোড়খালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন বলেন, "ক্লাস চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে আরও কয়েকজন অসুস্থ হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি জানার পর প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে এসে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন।"

ইউএনও রাসেল ইকবাল জানান, "খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। শ্রেণিকক্ষে কোনো ঝাঁজালো গন্ধের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিশ্চিত নয়।"