নোয়াখালীর হাতিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ মেধাবী শিক্ষার্থীকে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে নিয়ে যাচ্ছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইপিএ অ্যান্ড এস অনুবিভাগ থেকে অনুমোদন পেয়ে আনুষ্ঠানিক পত্র জারি হয়েছে। এরপর বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সংসদ ভবনে পৌঁছাবেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা সংক্ষিপ্ত ব্রিফিং, সংসদীয় লাইব্রেরি পরিদর্শন, ফটোসেশন এবং বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করবেন।

সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এছাড়া ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

দ্বীপাঞ্চল হাতিয়ায় শিক্ষার ব্যাপক প্রসার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই সংসদ সদস্য জনাব আব্দুল হান্নান মাসউদ এই মহতী উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয়রা মনে করেন। হাতিয়ার তরুণ প্রজন্মের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি ও তাদের দেশ গঠনে আগ্রহী করে তোলার জন্য এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় অভিভাবক শিবলু শাহারাজ বলেন, শিক্ষক ও সুশীল সমাজ এমপি মহোদয়ের এই অভূতপূর্ব উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং আন্তরিক সাধুবাদ জানিয়েছেন।

সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, হাতিয়ার মেধাবী সন্তানদের জাতীয় সংসদ প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়া তাদের ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখতে সাহায্য করবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।