সৌদি আরবের ভূখণ্ডে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সরকারের এই অবস্থান স্পষ্ট করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। সৌদি আরব সরকার ও ওই দেশের জনগণের প্রতি সম্পূর্ণ সংহতির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।