সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম নগরবাসীর যাতায়াত দুর্ভোগ কমানো এবং শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় তিনি এই আদেশ প্রদান করেন।
সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব পালনে সম্মুখীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, "নগরবাসীর দুর্ভোগ কমানো এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের সদস্যদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।"
তিনি আরও জোর দিয়ে বলেন, শুধুমাত্র যানবাহন নিয়ন্ত্রণ নয়, বরং নগরের যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যিক।
কল্যাণ সভায় উদ্ধার কার্যক্রমে সফলতা অর্জনকারী ১৬ জন ট্রাফিক সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ ট্রাফিক বিভাগের টিআই ও সার্জেন্টরা উপস্থিত ছিলেন।