রাজবাড়ীর পাংশা থানা পুলিশ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা বাজার এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫)। তিনি মাছপাড়া গ্রামের মৃত চাঁদ আলী মোল্লার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় পাংশা থানায় দায়ের করা একটি মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লা আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। ওই মামলাটি ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় মামলা নম্বর-৫ এবং জিআর নম্বর ১৯৬/২৫ হিসেবে নথিভুক্ত করা হয়। ঐ মামলার আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, "গ্রেপ্তার মোন্তাজ উদ্দিন মোল্লাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।"