রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রেললাইনে বসে থাকা তার তিন বছরের ছেলে ইভানকে সরিয়ে নিতে গিয়ে তিনি এই দুর্ঘটনায় পড়েন। এ সময় ইভানও গুরুতর আহত হয়।
নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রেললাইনে ছাতা হাতে বসে ছিল শিশু ইভান। ট্রেন আসার শব্দ পেয়ে ছেলেকে সরাতে ছুটে যান মা মনিরা। এ সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান মনিরা।
দুর্ঘটনায় আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।