ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি তুলে ধরে মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এই প্রশ্ন তোলেন তিনি। জহরত আদিব চৌধুরী বলেন, "হয়তো এটা পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। তবু গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে আনতে চাই।"
ইতালিতে জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের ওপর হামলার বিবরণ তুলে ধরে সংসদ সদস্য আরও বলেন, "বাঁধন একজন জুলাই যোদ্ধা। তার অপরাধ চব্বিশের অভ্যুত্থানের সময় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সে জন্য তাকে দূর প্রবাসেও হেনস্তা ও হামলার শিকার হতে হয়েছে।"
তিনি অভিযোগ করেন, "একজন অভিনেত্রী ও নারী হিসেবে তার ওপর চরমভাবে ফ্যাসিস্ট সরকারের 'আইডেন্টিফাইড' লোকজন হামলা চালানোর স্পর্ধা দেখিয়েছে। তারা বাংলাদেশে নেই কিন্তু মনে করে পৃথিবীর যেকোনো জায়গায় আইনশৃঙ্ক্ষলা ভঙ্গ করতে পারে তারা। এর নিন্দা ও প্রতিবাদ জানাই।"
এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এবং ইতালির আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের সঙ্গে সমন্বয় করে কীভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চান। তবে অধিবেশনকালে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীই কক্ষে উপস্থিত ছিলেন না।
বিষয়টি নিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, "ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এতে।"
তিনি সংসদকে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে বা নেবে, তা জানতে চাওয়া হবে।